কাঁচপুর ইউপি চেয়ারম্যান ব্যবসায়ীকে মারধর অপহরণ চেষ্টার ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও কন্ঠঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফের ব্যবসায়ীকে মারধর করে অপহরণের চেষ্টার ভিডিও ভাইরাল হয়েছে। কাঁচপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মোশারফ ওমর ওই ব্যবসায়ীকে মারধর করে অপহরণের চেষ্টা চালায়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। গত ১৩ অক্টোবর বিকেলে কাঁচপুর হাইওয়ে থানার সামনেই এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী নূর হোসেনের অভিযোগ, চেঙ্গাইন এলাকায় তার ক্রয়কৃত জমি থেকে চেয়ারম্যান মোশারফ অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করায় তাকে মারধর করে অপহরণের চেষ্টা করা হয়। এদিকে ওই ব্যবসায়ীকে ফিল্মি কায়দায় রিকশা আটকে মারধর করার সিসি টিভি ফুটেজ এ প্রতিবেদকের কাছে হয়েছে।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, কাচঁপুর সেতুর ঢালুতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে থানার প্রধান ফটকের সামনে বিকেল ৫টার দিকে দুটি হ্যারিয়ার গাড়ি ব্যবসায়ী নুর হোসেনের রিকশাকে গতিরোধ করে। এ সময় সামনে থাকা সাদা রঙের হ্যারিয়ার গাড়ি থেকে চেয়ারম্যান মোশারফ ওমর নেমেই ব্যবসায়ী নূর হোসেনকে রাস্তার পাশে নিয়ে আসেন। একমুখী চলাচলের রাস্তাটি এসময় যানজটের সৃষ্টি হলে শত শত মানুষের সামনেই চেয়ারম্যান মোশারফ ব্যবসায়ী নূর হোসনকে বারবার গাড়িতে তুলতে জোর করতে থাকেন। একপর্যায়ে তিনি নূর হোসনকে মারধর শুরু করেন। নূর হোসেন এ সময় সরে যাওয়ার চেষ্টা করলে দুই দফায় তিনি ব্যবসয়ী নূর হোসেনকে মারধর করে গাড়িতে তোলার চেষ্টা করলে নূর হোসেন আত্মরক্ষায় চেয়ারম্যান মোশারফকে ধাক্কা দিয়ে সামনের দিকেদৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় চেয়ারম্যান মোশারফের সাথে থাকা লোকজন নূর হোসেনকে জাপটে ধরে পুনরায় গাড়িতে তোলার চেষ্টা করেন।
ব্যবসায়ী নূর হোসেন আরো জানান, ৩ বছর আগে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় পৌনে ৭ শতাংশ জমি কিনে সেখানে ভোগ দখল করে আসছি। কয়েকদিন আগে আমার জমি থেকে মোশারফ চেয়ারম্যান জোর করে মাটি কেটে নিলে আমি বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানাই। তারা সরেজমিন গিয়ে সেই ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ নিলে চেয়ারম্যান আমার ওপর ক্ষুব্ধ হয়।
গত ১৩ অক্টোবর পুনরায় মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন খবরে জমিতে যাচ্ছিলাম। পথে বিকেলে চেয়ারম্যান মোশারফ আমার রিকশার গতিরোধ করে আমাকে মারধর করে অপহরণের চেষ্টা চালায়। এঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদশর্ী ফুটপাতের দোকানিরা জানান, বুধবার বিকেলে সাদা ও কালো রঙের দুটি গাড়ি নিয়ে রিকশায় থাকা দুজন লোকের গতিরোধ করেন চেয়ারম্যান মোশারফ। এরপর একটি লোকটিকে বারবার গাড়িতে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে তার ওপর ক্ষুদ্ধ হয়ে মারধর করেন চেয়ারম্যান মোশারফ।
অভিযোগ বিষয়ে চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, আমার স্কুলের জমির মাটি তার জায়গায় চলে যাওয়ার আমার কেয়ারটেকার ওই মাটি তুলে নিয়ে আসার কারনে অকথ্য ভাষায় গালমন্দ করে। এ বিষয়ে জানতে ওই সময়ে উত্তেজনা হয়। তাছাড়া আমার নির্বাচনে প্রতিপক্ষ গ্রুপ হেয় করার উদ্যেশ্যে এ ভিডিও ভাইরাল করেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন