সাদাফ-সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সামাজিক সংগঠন সাদাফ সুলতান ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি-এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের জনপ্রিয় নেতা বিএম ডালিম এবং সলিড এ ওয়ানের স্বত্বাধিকারী সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজীব বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সাদাফ সুলতান ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আর্তমানবতার সেবায় তরুণ প্রজন্মের এমন অংশগ্রহণ আমাদের আশান্বিত করে।
তিনি আরও বলেন, রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সামাজিক ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।
সভাপতির বক্তব্যে আল মাহমুদ সানি আগত অতিথি ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ভবিষ্যতেও ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
ইফতার ও দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন