সোনারগাঁয়ে ৩২ দলের আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মাদক ছাড়ো খেলা ধরো- এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে ৩২ দলের বিশাল এক আন্তঃউপজেলা টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (২৮ মার্চ) দুপুরে সোনারগাঁও স্টেডিয়ামে সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ‘লায়ন্স অব সোনারগাঁও’ এবং কিশোরগঞ্জের ‘কুলিয়ারচর উপজেলা একাদশ’। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুলিয়ারচর। নির্ধারিত ১৬ ওভারের খেলায় ব্যাটারদের নৈপুণ্যে ১৮৪ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় লায়ন্স অব সোনারগাঁও।
১৮৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে থাকে কুলিয়ারচর একাদশ। শেষ পর্যন্ত ১৪ ওভারে ১৫৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ৩১ রানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক সোনারগাঁও।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু ও সাইদুল ইসলাম সাকিল বেপারী।
উল্লেখ্য, চলমান আন্তঃউপজেলা ক্রিকেট টুর্ণামেন্টে সারা দেশের বিভিন্ন উপজেলা থেকে ৩২ টি টিম পর্যাক্রমে প্রতিযোগিতা করবে বলে জানিয়েছেন টুর্ণামেন্টে দায়িত্বরত নীতিনির্ধারকরা।

একটি মন্তব্য পোস্ট করুন