সোনারগাঁয়ে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার
সোনারগাঁও কণ্ঠ
প্রকাশঃ
আপডেটঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. ফারুক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ফারুক পাশের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। সে কী উদ্দেশ্যে অস্ত্রসহ সোনারগাঁ এলাকায় অবস্থান করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন ওসি মো: মহিববুল্লাহ। আভিযানিক দলে আরও সক্রিয়ভাবে অংশ নেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক, এসআই সেলিম, এসআই আরিফ এবং এসআই পারভেজ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। সন্দেহভাজন ফারুক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মহিববুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।