সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের ফল প্রকাশ: শিক্ষার্থীদের দেশ ও দ্বীনের কল্যাণে কাজ করার আহ্বান
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে ১৪৪৬-১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার দরপত এলাকার দারুল উলুম আমিনিয়া মাদরাসা (মাদরাসা মোড়) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, কেন্দ্রীয় পরীক্ষায় মোট ৭০টি মাদরাসার ১২০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বালক শাখায় ১০১৪ জন এবং বালিকা শাখায় ১৮৮ জন শিক্ষার্থী ছিল। পরীক্ষায় ৩০০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ফলাফলে মুমতাজ, জাইয়্যিদ জিদ্দান, জাইয়্যিদ, মাকবুল ও রাসিব গ্রেডে ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও দারুল উলুম আমিনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান।
মাওলানা মহিউদ্দিন খান বলেন: কওমি মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা বিস্তার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একজন শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত কোরআন-হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে তা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করা।
ফলাফলগুলো মুমতাজ (স্টার), জাইয়্যিদ জিদ্দান (প্রথম), জাইয়্যিদ (দ্বিতীয়), মাকবুল (তৃতীয়) ও রাসিব (অকৃতকার্য) এই পাঁচ ক্যাটাগরিতে প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন : আলেম সমাজের দায়িত্ব কেবল মসজিদ-মাদরাসায় সীমাবদ্ধ নয়, বরং সমাজের ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ও দ্বীনের কল্যাণে শিক্ষার্থীদের আগামী দিনের জন্য প্রস্তুত হতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের উপদেষ্টা সদস্য জহিরুল ইসলাম ফারুকী, মহাসচিব আবদুদ দাওয়ান, সিনিয়র সহসভাপতি মাওলানা কামাল, সহসভাপতি মুফতি সাঈদুর রহমান ও হাফেজ মাওলানা মুহাম্মাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি রহুল আমিন কাসেমী ও হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন এবং সদস্য হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান ও হাফেজ মাওলানা সাব্বির খান।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
