সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী কলতাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নতুন সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান কলতাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন। তাঁর এ মনোনয়নের খবরে এলাকায় শিক্ষাঙ্গন, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক সভাপতি ড. ইকবাল হোসেন ভূঁইয়ার পরিবর্তে নতুন সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
জানা গেছে, গত ৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এ সংক্রান্ত ডিও লেটার প্রদান করেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতেই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সাবেক ছাত্রদল নেতা হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল তাঁর মনোনয়নকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে মাদ্রাসাটির শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও উন্নত হবে।
একাধিক অভিভাবক জানান, একজন শিক্ষানুরাগী ও সংগঠক ব্যক্তি সভাপতি হওয়ায় প্রতিষ্ঠানটির শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম এবং সার্বিক পরিবেশ আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।
অভিভাবকদের আরও প্রত্যাশা, নতুন নেতৃত্বে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ সংযোজন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো। শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
এদিকে, তাঁর সভাপতি হিসেবে মনোনয়নকে সোনারগাঁয়ের শিক্ষা অঙ্গনের জন্য একটি সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীল হয়ে উঠবে।

একটি মন্তব্য পোস্ট করুন