সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
সোনারগাঁ(নারায়নগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুবের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
সভায় জানানো হয়, সোনারগাঁ উপজেলায় প্রায় ৫৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, হাম ও রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ, তবে সচেতনতার অভাবে এখনো অনেক শিশু এ রোগের ঝুঁকিতে রয়েছে। একটি শিশুও যেন টিকার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদেরও এগিয়ে এসে নির্ধারিত সময়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব বলেন, হাম-রুবেলা টিকা শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। গুজব বা ভুল তথ্যের কারণে কেউ যেন টিকা নিতে বিরত না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম একযোগে কাজ করলে এই কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু টিকা প্রদান নয়, বরং প্রতিটি পরিবারকে সচেতন করা। সবাই মিলে কাজ করলে সোনারগাঁ উপজেলাকে হাম-রুবেলা মুক্ত করা সম্ভব।
সভায় বক্তারা টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন