[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল গাড়ির প্রভাবে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রী-চালকরা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা থেকে কাঁচপুর পর্যন্ত। ধীরগতিতে যান চলাচল করায় অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

চট্টগ্রামগামী তিশা পরিবহনের যাত্রী আসলাম মিয়া বলেন, সকালে দ্রুত গন্তব্যে পৌঁছানোর আশা নিয়ে রওনা হয়েছিলাম। কিন্তু চৈত্র স্ট্যান্ড এলাকায় এসে প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে বসে আছি। গাড়ি একেবারেই এগোচ্ছে না। ছোট ছোট শিশুসহ যাত্রীরা খুব কষ্টে আছেন।

ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাকের চালক শাহাবুদ্দিন জানান, কুমিল্লা অংশ থেকেই যানজটের চাপ দেখা যায়। তিনি বলেন,

দাউদকান্দির দিকে একটি গাড়ি নষ্ট হয়ে রাস্তার একপাশ বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে পুরো মহাসড়কে চাপ পড়ে। কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন তৈরি হয়েছে।

আরেক বাসচালক বলেন, মহাসড়কে সামান্য সমস্যা হলেই কয়েক মিনিটের মধ্যে দীর্ঘ যানজট তৈরি হয়। বিশেষ করে সপ্তাহের ছুটির দিন শেষে ঢাকামুখী যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

এদিকে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এর প্রভাব সোনারগাঁ অংশেও পড়ে। তবে বিকল গাড়িটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। যানজট ধীরে ধীরে কমে আসছে এবং অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

হঠাৎ সৃষ্ট এ যানজটে সাধারণ যাত্রীদের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনও ধীরগতিতে চলতে দেখা গেছে। এতে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন