[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

প্রতিশ্রুতি রাখলেন এমপি মান্নান: নিহত অটোরিকশা চালক মুমিনের পরিবারের পাশে মানবিক সহায়তা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: সোনারগাঁয়ে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে নিহত অটোরিকশা চালক মো. মুমিনের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। পূর্বের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রোববার(২৪শে মে) দুপুরে এবার নিহত মুমিনের পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে নৃশংস হামলার শিকার হন অটোরিকশা চালক মো. মমিন (৪০)। স্থানীয়দের অভিযোগ, কথিত লাইনম্যান শাহিন প্রথমে মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেন। পরে পুনরায় টাকা দাবি করলে মমিন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে শাহিন লাঠি দিয়ে মমিনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিহত মমিনের বাড়িতে ছুটে যান। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে সাথে নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহতের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে এমপি মান্নান বলেন, মুমিনের পরিবার যেন অসহায় না হয়ে পড়ে, সেজন্য আমি সবসময় তাদের পাশে থাকবো। পরিবারের আর্থিক সহায়তার পাশাপাশি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।একই সাথে দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলেও জানান তিনি। 

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে নিহত মমিনের পরিবার সংসদ সদস্য ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্য, একজন খেটে খাওয়া মানুষের পরিবারের পাশে জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। একই সঙ্গে তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন