[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সাদিপুরে কবরস্থানের জমি ও প্রবেশপথ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থানের জমি ও প্রবেশপথ দখলের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কবরস্থানের জায়গা ও রাস্তার একটি অংশ দখল করে সেখানে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর গঙ্গাপুর বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কবরস্থান কমিটির নেতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন কবরস্থানের জমি ও রাস্তার অংশ জোরপূর্বক দখল করে পাকা বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছেন। এতে কবরস্থানে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে।


গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আবুল হাসেম, জয়নাল আবেদীন মোল্লা, আর্শাদ আলীসহ অন্যরা।


বক্তারা বলেন, কবরস্থান একটি জনস্বার্থসংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান। এর জমি ও প্রবেশপথ দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তাঁরা অবৈধভাবে নির্মিত দেয়াল অপসারণ, কবরস্থানের জমি পুনরুদ্ধার এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত লোকমান হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।


মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গঙ্গাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন