রয়েল রিসোর্টে আমাকে পরিকল্পিতভাবে হত্যার নীল নকশা: মামুনুল হক
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে আমাকে পরিকল্পিতভাবে হত্যার নীল নকশা করেছিল। সেই নীল নকশায় তারা নিজেরাই ফেঁসে গেছেন। ওইদিন তৌহিদী জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য আকুতি-মিনতি করে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কাউকে রয়েল রিসোর্টে খুঁজে পাওয়া যায়নি। বাড়ি-ঘর ফেলে তারা পালাতে বাধ্য হয়েছেন।
শনিবার(২৯ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফতে মজলিসের উদ্যোগে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজিত মাওলানা ইকবাল হোসাইন স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিথ্যা মামলা ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,
তৌহিদী জনতার কণ্ঠরোধে মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল ফ্যাসিবাদী সরকার। সেই মিথ্যা মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। ২০২১ সালের রয়েল রিসোর্টের মিথ্যা মামলাসহ হেফাজতে ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে। রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় খেলাফত মজলিসের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের গ্রেপ্তার, কারাবরণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন।
বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান।
অনুষ্ঠানে খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন