সোনারগাঁয়ে ১মাসে মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখ টাকা
রুবেল মিয়া,সোনারগাঁও কন্ঠ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে জনস্বার্থে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
গত আগস্ট মাসজুড়ে পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন অপরাধে ২০টি মামলা দায়েরের পাশাপাশি মোট ১২ লাখ ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কাঁচপুর রাজস্ব সার্কেল সূত্রে জানা যায়, পুরো আগস্ট মাসজুড়ে কাঁচপুর ও আশপাশের এলাকায় সরকারি নির্দেশনা অমান্য, অবৈধ দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দফায় দফায় এ অভিযান চালানো হয়। আইন লঙ্ঘনের প্রমাণ পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হয় তাৎক্ষণিক আইনি ব্যবস্থা।
মোবাইল কোর্টের মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত এক মাসে নিষ্পত্তিকৃত ২০টি মামলায় মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত অভিযুক্তদের কাছ থেকে মোট ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়া অপরাধের মাত্রা বিবেচনা করে একজনকে ৩ দিনের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে অপর একজনকে ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, জনস্বার্থ রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং যেকোনো ধরণের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান ও আইনি তৎপরতা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন