গ্রাম আদালত সেবা বিষয়ে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা, স্কুল ক্যাম্পেইন ও এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সনমান্দী ইউনিয়নের ঐতিহ্যবাহী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ নুরুল হক টিক্কা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব ছাফির উদ্দীন মজনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল গফ্ফার। অনুষ্ঠানে গ্রাম আদালত বিষয়ক আলোচনা উপস্থাপন ও এর কার্যাবলি তুলে ধরেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব মুনিরুল ইসলাম।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী অত্যন্ত আগ্রহের সাথে উপস্থিত থাকে ও অংশ নেয়। সভায় গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত আইন ২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো এমন একটি মাধ্যম যা ছোটখাটো বিবাদ ও বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি করে প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে এবং গ্রাম বা মহল্লায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অনন্য অবদান রাখছে। আজকের এই আয়োজনের মাধ্যমে অত্র ইউনিয়নের সকল গ্রামে এই ছাত্র-ছাত্রীদের মাধ্যমে গ্রাম আদালতের সেবা সংক্রান্ত সকল তথ্য ছড়িয়ে পড়বে, যা অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক।
সভা শেষে এক সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক মণ্ডলীর পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। র্যালিটি বিদ্যালয়ের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন