সোনারগাঁ পৌরসভায় ষোলপাড়া মানবকল্যাণ সংগঠনের উপহার সামগ্রী বিতরণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় ‘ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন’-এর উদ্যোগে স্থানীয় সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ আসর ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, কর্মসূচির উপহার সামগ্রীর যাবতীয় ব্যয়ভার বহন করেন ষোলপাড়া গ্রামের কৃতী সন্তান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম আহসান আলী মোল্লার ছেলে ও সৌদি প্রবাসী মো. কামাল হোসেন মোল্লা।
উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. বাবুল হোসেন মোল্লাসহ এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. বাবুল হোসেন মোল্লা বলেন, ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন শুরু থেকেই এলাকার মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমাদের এই সামাজিক অবস্থানের কারণে বর্তমানে এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এই ধারা অব্যাহত থাকবে।
উপহার সামগ্রী গ্রহণ করে স্থানীয় বাসিন্দা মঞ্জু রানী শীল অনুভূতি প্রকাশ করে বলেন, আমাদের মতো সাধারণ মানুষের কথা চিন্তা করে ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই উপহার আমাদের অনেক উপকারে আসবে। সংগঠনের সব সদস্য ও আর্থিক সহায়তা প্রদানকারী প্রবাসীদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বি নূরুল ইসলাম বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধ দমন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান এবং অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। আমরা চাই তাদের এই মানবিক কার্যক্রম আরও ছড়িয়ে পড়ুক।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার সার্বিক সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি আগামীতেও এভাবে পাশে থাকবে এমনটাই প্রত্যাশা সবার।

একটি মন্তব্য পোস্ট করুন