লাধুরচরে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই দৃঢ় অঙ্গীকার ও স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। লাধুরচর ৪ ও ৫ নং ওয়ার্ড বাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) বিকাল সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর টি টি বাড়ি ষ্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বারীক।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারীক মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। সোনারগাঁয়ের মাটি থেকে মাদক এবং সন্ত্রাস নির্মূল করতে পুলিশ প্রশাসন সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা নয়, সমাজকে মাদকমুক্ত করতে হলে এলাকার প্রতিটি অভিভাবক, তরুণ সমাজ এবং সচেতন নাগিরকদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ থানা বিএনপির উপদেষ্টা মোঃ মুজিবুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক খান এবং নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।
আব্দুল বারিক আরও বলেন, মাদক কারবারি ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ বিষয়ে সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা ও তথ্যপ্রমাণ কামনা করেন তিনি।
বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস একটি সমাজ ও জাতিকে তিলে তিলে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান এবং নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম চঞ্চল-এর যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইকবাল, হাবিব শিকদার, বায়েজিদ ভূইয়া, রাসেল, নাঈম, বশির, আমিনুল হক ও ডালিম।
সোনারগাঁয়ের লাধুরচর এলাকাবাসীর সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন