প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরষ্কে যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন
বিশেষ প্রতিনিধি, সোনারগাঁ: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও তরুণদের ভবিষ্যৎ ভাবনার বার্তা নিয়ে জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ও 'সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্নেন্স'-এর চিফ কো-অর্ডিনেটর সোনারগাঁয়ের কৃতি সন্তান ফেরদৌস সিদ্দিক সায়মন।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের সীমান্তবর্তী মনোরম শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু রাজনীতির শীর্ষ এই সম্মেলন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতি-নির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করবেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এই সন্তান।
জানা গেছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যাপ্ত অর্থায়নের অভাবে জলবায়ু সম্মেলনের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে সায়মনের অংশগ্রহণে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরবর্তীতে বিষয়টি নজরে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমান সায়মনের সফর নিশ্চিত করতে সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে এ সহযোগিতা পৌঁছে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, অর্থায়নের সংকটে এবার কপ-৩১-এ যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানতে পেরে আমার সফরের সার্বিক ব্যবস্থা করে দেন। সেজন্য তাঁর প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। পাশাপাশি সার্বিক সমন্বয় ও সহযোগিতার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকেও ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি বহন করতে হচ্ছে বাংলাদেশকে। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘুর্ণিঝড় ও খরার কারণে দেশের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। এমন প্রেক্ষাপটে সম্মেলনে বিশ্বমঞ্চে অনুদানের পক্ষে জোরালো দাবি তুলবেন সায়মন।
নিজের অবস্থান ব্যক্ত করে সায়মন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়া গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এটি আমাদের অস্তিত্বের লড়াই। তাই এবারের সম্মেলনে আমরা ঋণের ফাঁদে না পড়ে, শীর্ষ দূষণকারী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে সরাসরি আর্থিক অনুদান আদায়ের পক্ষে কথা বলব। এ সম্মেলন তরুণদের চিন্তাধারা তুলে ধরা এবং জলবায়ু কূটনীতির প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তালিয়ার বিশ্বমঞ্চে বাংলাদেশের জলবায়ু বাস্তবতা, ঝুঁকি ও তরুণ প্রজন্মের দাবি জোরালোভাবে উত্থাপন করতে বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছেন এই তরুণ সংগঠক।

একটি মন্তব্য পোস্ট করুন