সোনারগাঁয়ে অবৈধ দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, রেস্তোরাঁকে জরিমানা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ জোনের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র তিতাসের মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পিরোজপুর এলাকায় চুনা কারখানা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুটি চুনা কারখানা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।
এ ছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহার করে রান্নার অভিযোগে পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রেস্তোরাঁটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
তিতাসের কর্মকর্তারা বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহেও সংকট তৈরি হচ্ছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলামসহ তিতাসের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন