[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন, এমপি মান্নানের ঐক্য ও সম্প্রীতির আহ্বান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

  


সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নববর্ষের সকাল শুরু হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে বিদ্যালয়ের সামনে অবস্থিত ঐতিহ্যবাহী বটবৃক্ষের নিচে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে। পরিবেশিত অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

তিনি তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য, আনন্দ ও সম্প্রীতির প্রতীক। এই দিনটি আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখায়, অতীতের সকল গ্লানি ও ব্যর্থতা ভুলে একটি সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আসুন আমরা ভেদাভেদ ভুলে একসাথে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সহযোগীতা করায় প্রতিজ্ঞাবদ্ধ হই। 

বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে নেতাকর্মীদের অংশগ্রহণে আরও একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি মান্নান সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে সোনারগাঁয়ে নববর্ষ উদযাপন আরও বর্ণাঢ্য ও প্রাণবন্ত হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহসহ আরও অনেকে।

সার্বিকভাবে দিনব্যাপী এ আয়োজন সোনারগাঁবাসীর মধ্যে নতুন বছরের আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন