সোনারগাঁয়ে হাজী আশরাফ উদ্দিনের ঈদ পুনর্মিলনীতে জনস্রোত, নির্বাচনী মাঠে শক্ত অবস্থানের বার্তা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মো. আশরাফ উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
শুক্রবার (৫ জুন) দুপুরের পর থেকেই মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ৫৬টি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নারী-পুরুষসহ প্রায় দেড় হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানস্থলে জড়ো হন। স্থানীয়দের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী সভাটি একপর্যায়ে গণসমাবেশের রূপ নেয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, আমি আজ এখানে কোনো নেতা হিসেবে দাঁড়াইনি; আপনাদের একজন ভাই, বন্ধু, মামা, চাচা কিংবা সন্তান হিসেবে উপস্থিত হয়েছি। আমার সবচেয়ে বড় শক্তি অর্থ বা ক্ষমতা নয়, বরং আপনাদের ভালোবাসা ও বিশ্বাস।
তিনি বলেন, আমাদের এই মিলনমেলা শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়; বরং একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় থেকেই আমরা একত্রিত হয়েছি। গরিব, অসহায় ও দুস্থ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠান সফল করতে যারা শ্রম ও সময় দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনেকেই ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কথা না ভেবে এই আয়োজনকে সফল করেছেন। আপনাদের এই ভালোবাসা ও ত্যাগ আমি সবসময় স্মরণ রাখব।
নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে হাজী আশরাফ উদ্দিন বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা ভোগ করা নয়, মানুষের সেবা করার সুযোগ পাওয়া। আমি আপনাদের সমর্থন, পরামর্শ ও সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের দরজা দল-মত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং জনগণের প্রয়োজনই হবে আমার প্রথম অগ্রাধিকার।
নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের মাঠে নানা ধরনের অপপ্রচার ও প্রতিবন্ধকতা আসবে। তবে ধৈর্য, শৃঙ্খলা ও ভদ্র আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা কাউকে প্রতিপক্ষ নয়, বরং এলাকার উন্নয়নের অংশীদার হিসেবে দেখতে চাই।
সভায় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ম্যানেজার মহসিন মিয়া, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলীনূর হোসেন, শিক্ষানুরাগী মাহাবুবুর রহমান মামুন মাস্টার, সমাজসেবক কামাল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজী মো. আশরাফ উদ্দিনের ভূমিকার প্রশংসা করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, বিপুল জনসমাগম ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী সভা মোগরাপাড়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও নির্বাচনী সমীকরণের ইঙ্গিত দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন