সোনারগাঁয়ে যুবদল নেতা নোবেলের গণসংযোগ, বৈদ্যেরবাজার ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল নির্বাচনী গণসংযোগের মাধ্যমে আগামী বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন।
রবিবার (৫ জুলাই) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের প্রেমেরবাজারের একাংশ, ছামছাদী ও ধনপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় সর্বস্তরের ভোটার ও বিএনপি-যুবদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
গণসংযোগে অংশ নেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনির হোসেন ও উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি তাইজুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবীর হোসেন প্রধান, বিএনপি নেতা নবীর হোসেন, আলামিন মিয়া, শহীদ মিয়া, জয়নাল আবেদিন, বাহাউদ্দিন মিয়া, জসিমউদ্দিন, আলী আহমদ, নূর নবী, ইলিয়াস হোসেন, হালিম মিয়া, দিলবার হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান মিয়া, রহমত উল্লাহ, সাজেদ আলী, হান্নান মিয়া, আনোয়ার হোসেন, জিয়াউল হোসেন, মতি মিয়া, আবুল বাশার ও আওলাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগকালে পথসভায় নুরে ইয়াসিন নোবেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানও মাদক ব্যবসায়ী ও সেবীদের ব্যাপারে অত্যন্ত কঠোর। আগামী নির্বাচনে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে মাদকের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি আমার নিজের কোনো আত্মীয়-স্বজনও যদি গোপনে এই ব্যবসার সাথে জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনা হবে।
নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটারদের কাছে টানতে বা নির্বাচনী বৈতরণী পার হতে কোনো প্রার্থী যেন মাদক ব্যবসায়ী বা সেবীদের আশ্রয়-প্রশ্রয় না দেন। মাদক এখন দেশ, জাতি ও তরুণ প্রজন্মের প্রধান শত্রু। এদের এখনই রুখতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে।
বৈদ্যেরবাজার ইউনিয়নকে একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নোবেল আরও বলেন, জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার সংস্কার এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বৈদ্যেরবাজারকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন