শিক্ষা পদক-২০২৬: শ্রেষ্ঠ ইউএনও ও শিক্ষক সোনারগাঁয়ের যা আমাদের নারায়ণগঞ্জের গর্ব - এমপি মান্নান
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও মেধাবীদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত ‘শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বুধবার(১৫ জুলাই) সকালে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে তিনি বিটিভিতে সম্প্রচারিত এ অনুষ্ঠানটি দেখেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সফল হতে হলে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে এগিয়ে যেতে হবে। অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।
এ সময় তিনি সোনারগাঁয়ের জন্য গর্বের বিষয়টি তুলে ধরে বলেন, শিক্ষা পদক-২০২৬-এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ফারজানা রহমান (সাবেক ইউএনও) এবং শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে বি. আর. বিলকিসের অর্জন সমগ্র সোনারগাঁবাসীর জন্য এক বড় অনুপ্রেরণা। শিক্ষার্থীদের তাঁদের আদর্শ ও কর্মনিষ্ঠা অনুসরণ করে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেলসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন