জুলাই অভ্যুত্থানে কাঁচপুর ও মহাসড়কজুড়ে প্রতিরোধের নেতৃত্বে রাজপথে সরব ছিলেন সজীব
সোনারগাঁ প্রতিনিধি : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল নারায়ণগঞ্জের কাঁচপুর চত্বর এবং সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক। আন্দোলনকে সফল করতে এই উত্তাল পয়েন্টে রাজপথে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।
ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচপুর এলাকায় গণআন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আন্দোলনের উত্তাল দিনগুলোতে বিভিন্ন পর্যায়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাঁচপুর চত্বর ও আশপাশের এলাকায় শক্ত অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও তীব্র প্রতিবাদ সভা পরিচালনা করেন।
সোনারগাঁ অঞ্চলের প্রভাবশালী এই যুবনেতা গণঅভ্যুত্থানে তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ সাংগঠনিক দক্ষতা দেখান। বিভিন্ন এলাকার যুব ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে রাজপথের মূল সংগ্রামের সঙ্গে সরাসরি যুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়ক এই দুই প্রধান যোগাযোগ মাধ্যমকেন্দ্রিক উত্তাল আন্দোলনেও খায়রুল ইসলাম সজীবকে নিয়মিত সামনের সারিতে দেখা গেছে। এই দুই মহাসড়কে ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেগবান করতে এবং রাজপথে কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে তিনি কার্যকর ভূমিকা পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন