সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বারদী ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের বিশেষ উদ্যোগে এবং বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপুর সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। সংশ্লিষ্টরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বারদীতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামটি "বেগম খালেদা জিয়ার বাড়ি" বা বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে এই অঞ্চলে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন ছোঁয়া লাগেনি। ফলে বর্তমান সময়ে এই বৃক্ষরোপণ ও এলাকার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
কর্মসূচির আওতায় মছলন্দপুর এলাকার কবরস্থানের দুটি রাস্তা, ঈদগাহের একটি রাস্তা এবং গোয়ালপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের একটি রাস্তা মোট ৪টি জনগুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে এসব গাছের চারা রোপণ করা হয়। মছলন্দপুর যুবসমাজের তরুণরা এই চারা রোপণ ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব পালন করছেন।
বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ। বারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়ালের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার, সহ-সভাপতি ফজলুল হক, শামসুদ্দিন মুকুল, রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য উম্মে হানি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মহিবুল্লাহ খোকন, যুবদল নেতা কাশেম, নাজমুল, জামান, কামাল ও ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখে। দেশের পরিবেশগত বিপর্যয় রোধে বিএনপির এই দেশব্যাপী কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। বারদী ইউনিয়নকে একটি আদর্শ ও সবুজ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এই ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন