সোনারগাঁয়ে ২ হাসপাতালকে জরিমানা, একটির ওটি সিলগালা
শনিবার (১ লা আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চনপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে মোগরাপাড়া চৌরাস্তার রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে এ অভিযান চালানো হয়। তদন্তকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে চিকিৎসা বর্জ্য যত্রতত্র ফেলা এবং প্যাথলজি ল্যাবে নির্ধারিত মানদণ্ড না মানার মতো গুরুতর প্রমাণ মেলে।
আইন লঙ্ঘনের দায়ে ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেডি কেয়ার জেনারেল হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালেই জরিমানার এই অর্থ আদায় করা হয়। পাশাপাশি মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে গুরুতর অনিয়ম পাওয়ায় তা সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন