সোনারগাঁয়ে লোকজ উৎসব-২০২৭ উপলক্ষে অংশীজন সভা অনুষ্ঠিত
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘লোকজ উৎসব-২০২৭’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক যৌথ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় উৎসবের নানা দিক তুলে ধরা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় উৎসবের পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, কারিগরি বিশেষজ্ঞ, গবেষক, কারুশিল্পসংশ্লিষ্ট প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় লোক ও কারুশিল্পীরা অংশ নেন।
সভায় আলোচকেরা বলেন, বাংলাদেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও হারিয়ে যাওয়া কারুশিল্পের নিদর্শন দেশি-বিদেশি দর্শনার্থীদের সামনে কার্যকরভাবে তুলে ধরতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী কারুশিল্পীদের কর্মসংস্থানের প্রসার, লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মাঝে বাংলার শিকড়ের পরিচয় ঘটিয়ে দেওয়ার এক চমৎকার সুযোগ সৃষ্টি হবে। সোনারগাঁয়ের ঐতিহাসিক পরিচয় ও লোকজ ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব স্থানীয় পর্যটন খাত বিকাশেও নতুন গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতার আলোকে উৎসবের প্রাথমিক রূপরেখা প্রণয়ন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রক্ষা এবং ঐতিহ্যের যথাযথ উপস্থাপনের ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারুশিল্পী সমিতির সভাপতি চন্দ্র শেখর সাহা, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক এবং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ এ কে এম মাহাবুবুল আলমসহ অনেকে।
উল্লেখ্য, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও কারুশিল্প সংরক্ষণ এবং প্রসারে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘লোকজ উৎসব-২০২৭’ দেশের লোকজ ঐতিহ্যকে বিশ্বমঞ্চে ও নতুন প্রজন্মের কাছে আরও বড় পরিসরে তুলে ধরবে বলে মনে করছেন আয়োজকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন