সোনারগাঁয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের সার্বিক সহযোগিতায় বারদী ইউনিয়ন কৃষকদল এ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বারদী এলাকায় অনুষ্ঠিত এ বস্ত্র বিতরণ কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী শতাধিক পরিবারের হাতে শারদীয় উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হোসেন দিপু।
সেলিম হোসেন দিপু বলেন, বাংলাদেশ বহুজাতিক ও বহুধর্মীয় সম্প্রীতির দেশ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশ—ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়া। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বারদী ইউনিয়নের কোনো অসহায় মানুষ যেন আনন্দের আলো থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। বিএনপি সর্বদাই সামাজিক সৌহার্দ্য ও সম্প্রদায়গত সম্প্রীতি অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবতার সেবায় কাজ করাই জিয়াউর রহমানের সৈনিকদের মূল লক্ষ্য। আগামীতেও সোনারগাঁওয়ের যেকোনো দুর্যোগে বা উৎসবে সাধারণ মানুষের পাশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি সালাউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মৃধা, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম এবং বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি জামান ও রফিকুল ইসলাম।
এ সময় বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষভাগে বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কল্যাণ কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রীতি, শান্তি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন