ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দেশপ্রেমের অনন্য এক আবহে বিদ্যালয় প্রাঙ্গণে দিনটি উদ্যাপন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারিক এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. সাদিকুর রহমান সেন্টু।
অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থী এবং ১০০ অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আমাদের জন্মভূমি, আমরা ভীষণ ভালোবাসি এই চেতনা ধারণ করে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীসহ উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও চকলেট বিতরণ করা হয়।
সার্বিক এই আয়োজনে সহযোগিতা করায় সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন