ঈদ উপলক্ষে পিরোজপুর ইউনিয়নে ভিজিএফ ও জিআর’র চাল বিতরণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার(২৩ মে) সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের ২১০ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে এবং জিআর কর্মসূচির ১০০ জন কার্ডধারীর মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
পিরোজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
চাল বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান বলেন, সরকার সবসময় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদুল আযহার আনন্দ যাতে সমাজের সকল মানুষ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে, সেজন্যই এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন