মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
শুক্রবার (১৫ মে ২০২৬) বাদ আসর ষোল্লপাড়া শাহী জামে মসজিদের সামনে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে ভট্রপুর এলাকায় গিয়ে শেষ হয়। মানববন্ধনে অংশ নেওয়া শতাধিক মানুষ দ্রুত মাদক কারবারি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক নারী অভিযোগ করেন, নিরিবিলি পরিবেশ ও তুলনামূলক কম জনবসতির সুযোগ নিয়ে এলাকায় দিন দিন বেড়ে চলছে মাদক সেবন, মাদক বিক্রি ও ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যার পর সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারছেন না বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে দুলাল কমিশনার বলেন, চারদিকে লিচু বাগান ও ফাঁকা পরিবেশ থাকায় ষোল্লপাড়া এখন মাদকসেবী ও মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এতে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
তরুণ উদ্যোক্তা বাবুল বলেন, ষোল্লপাড়া, বালুয়াদিঘীরপাড় ও গাবতলী সংযোগ সড়কের ব্রিজ এলাকায় প্রকাশ্যে মাদকের লেনদেন চলে। পাশাপাশি অটোরিকশা ছিনতাই, পথচারীদের জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়া এবং রাতের আঁধারে নানা অপরাধমূলক কর্মকাণ্ড প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক অভিযোগ রয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকাবাসী স্বস্তি ফিরে পাবে বলে আশা করছেন তিনি।
এ বিষয়ে গোলাম সারোয়ার বলেন, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয়দের সহযোগিতা পেলে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

একটি মন্তব্য পোস্ট করুন