স্বৈরাচার বিরোধী আন্দোলনের নায়ক সজিবকে ষড়যন্ত্রের নিন্দা, বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবী যুবদল নেতা অমিতের
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের বিরুদ্ধে আনীত অভিযোগকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা যুবদল নেতা অমিত হাসান। একই সঙ্গে, তার বিরুদ্ধে নেওয়া বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় যুবদলের নীতিনির্ধারকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অমিত হাসান এই দাবি জানান।
বিবৃতিতে অমিত হাসান উল্লেখ করেন, খাইরুল ইসলাম সজিব দলের দুঃসময়ে রাজপথে অত্যন্ত সক্রিয় ছিলেন। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কঠিন সময়েও তিনি সাহসিকতার সঙ্গে দলীয় আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন।
খাইরুল ইসলাম সজিবের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা প্রসঙ্গে অমিত হাসান বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সজিবের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। কোনো ধরনের সত্যতা যাচাই না করেই তড়িঘড়ি করে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের ওপর ভিত্তি করে দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতার রাজনৈতিক জীবন বিতর্কিত করা মোটেও কাম্য নয়। আমরা অবিলম্বে এর একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্তে অভিযোগের সত্যতা না মিললে সজিবের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে।
দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে অমিত হাসান বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করলেই সংগঠন আরও শক্তিশালী হবে। ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা ব্যর্থ করে দলের সঠিক নেতৃত্ব নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমি বিশ্বাস করি।
পরিশেষে, কেন্দ্রীয় যুবদলের দায়িত্বশীল নেতারা বিষয়টি মানবিক ও সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করে খাইরুল ইসলাম সজিবের প্রতি সুবিচার নিশ্চিত করবেন বলেও আশা প্রকাশ করেন জেলা যুবদলের এই নেতা।

একটি মন্তব্য পোস্ট করুন