গাছ লাগালেই হবে না, পরিচর্যা নিশ্চিত করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ও দেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ অত্যন্ত জরুরি। কিন্তু শুধু গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, তার সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।" পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর ওপর জোর দিয়ে তিনি একটি পলিথিন ও প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাসচিব মুক্তার হোসেন ভূঁঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, ইসহাক আলী, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা।

একটি মন্তব্য পোস্ট করুন