সোনারগাঁয়ে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় দুটি মুদি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এনায়েত হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে নিয়মের তোয়াক্কা না করে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে মুদি দোকানি আলামিনকে ৫ হাজার টাকা এবং অপর দোকানি আকতারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে প্রশাসনের এই হঠাৎ অভিযানে বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে দোকান খোলা রেখেই সাময়িকভাবে সরে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান সমাপ্ত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, “আইন অমান্য করে পাটের বদলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন