সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া কিশোরী আফরিনের মৃত্যু
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাটন মোবাইল ফোন চুরির অপবাদে শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সী কিশোরী আফরিন মারা গেছে। দীর্ঘ ৪৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত আফরিন উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার জাকির হোসেন ও রওশন আরা দম্পতির মেয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর প্রতিবেশী মামা জাকির হোসেন ও তাঁর স্ত্রী সোনিয়ার বিরুদ্ধে আফরিনের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। এই অমানবিক নির্যাতনের পর তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থানে দীর্ঘ ৪৮ দিন চিকিৎসা দেওয়া হয়। শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় আফরিন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত মামা ও মামীসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
এদিকে ফুটফুটে এক কিশোরীর এমন নির্মম মৃত্যু ও দীর্ঘ শারীরিক যন্ত্রণার অবসান ঘটার খবরে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও সচেতন মহল এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন