সোনারগাঁয়ে ৫ মামলার আসামি রবিন ইয়াবাসহ গ্রেফতার -২
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । সোমবার (১৮ মে) রাতে সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘীরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলা সোনারগাঁ পৌরসভা লাহাপাড়া (আমিনপুর) এলাকার গোলজার হোসেনের ছেলে মোঃ রহমত উল্লাহ রবিন (৩৬) এবং বালুয়াদিঘীরপাড় এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ সানি (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই মোঃ হারুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গত ১৮ মে রাত ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘীরপাড় দক্ষিনপাড়া কবরস্থান সংলগ্ন হাজী আলাউদ্দিনের লিচু বাগানের ভেতর একটি পুরাতন টিনশেড ছাপড়া ঘরের সামনে অভিযান চালানো হয়।
অভিযানকালে রবিন ও সানিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। পরে তাদের হেফাজত থেকে নীল রঙের দুটি এয়ারটাইট জিপার ব্যাগে রাখা সর্বমোট ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রবিনের বিরুদ্ধে এর আগেও সোনারগাঁ ও ডিএমপির রামপুরা থানায় ৫টি ও সানির সোনারগাঁ থানায় ১টি মাদক মামলা রয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন