১৪৮ কোটি টাকার মেগা প্রকল্প পরিদর্শনে সোনারগাঁয়ে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এই প্রথম সোনারগাঁয়ে এলাম। এসে দেখলাম এখানে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ, লাইব্রেরি ও জাদুঘরসহ নানা উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের অগ্রগতি দেখতে এসেছি।
সোমবার (২৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন-এ ভবন সম্প্রসারণ ও বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প প্রায় ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সোনারগাঁ শুধু বাংলাদেশের নয়, বিশ্ব দরবারেও একটি পরিচিত ঐতিহাসিক জনপদ। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের অন্যতম দর্শনীয় স্থান। অতীতেও এর সংস্কার কাজ হয়েছে। এখন আমরা চাই আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে এটিকে আরও নান্দনিক ও দর্শনার্থীদের জন্য উপভোগ্য করে তুলতে।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, আমরা চাই সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে। এই মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সোনারগাঁ হবে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সার্কেল এসপি দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) পরিমল চন্দ্র বসু এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন হলে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী নিদর্শন ও লোকজ সংস্কৃতি নতুন মাত্রা পাবে এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

একটি মন্তব্য পোস্ট করুন