সিদ্ধিরগঞ্জে ৫০ শয্যা হাসপাতাল পরিকল্পনায় পরিদর্শনে এমপি মান্নান
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনস্বাস্থ্য ও সামাজিক পরিবেশের আধুনিকায়নে বড় ধরনের উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোমবার (৪ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৭নং ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এই নতুন কর্মপরিকল্পনার ঘোষণা দেন।
পরিদর্শনের শুরুতে এমপি মান্নান ৯নং ওয়ার্ডের ঝালকুড়ি মা ও শিশু কল্যাণ হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের বর্তমান অবকাঠামো, শয্যা সংখ্যা এবং চিকিৎসা সেবার মান নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালটিকে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার ঘোষণা দেন। দ্রুতই এর অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণ কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে তিনি সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলী বড় পুকুর পাড় সংলগ্ন নতুন ব্রিজ এলাকায় ১১শ ২৫ শতাংশ সরকারি জমি পরিদর্শন করেন। সেখানে একটি নতুন জেনারেল হাসপাতাল নির্মাণের পাশাপাশি স্থানীয়দের সুস্থ বিনোদনের জন্য একটি খেলার মাঠ এবং ধর্মীয় উৎসব পালনের জন্য একটি বিশাল ঈদগাহ নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, তৃণমূল মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সরকারি খাস জমির সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধনই আমাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার মাধ্যমে এই প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সিদ্ধিরগঞ্জ এলাকার স্বাস্থ্যসেবা ও সামাজিক সুযোগ-সুবিধা এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন