তক্ষকসহ দুই পাচারকারী আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা
রোববার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা এলাকায় স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল হোসেনের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৬) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বড়ধনপুর এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী তানজিনা (৩৫)।
জানা যায়, চট্টগ্রামের লালমাই পাহাড় এলাকা থেকে যাত্রীবাহী বাসযোগে একটি তক্ষক ঢাকায় পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
পরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ১০ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং ৪৪(১) ধারায় আটক দুইজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান জানান, উদ্ধার করা তক্ষকটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সময় সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন