সোনারগাঁয়ে হত্যা মামলার আসামি হারুন ধরাছোঁয়ার বাইরে,এলাকাবাসীর দ্রুত গ্রেফতারের দাবী
নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি এবং চিহ্নিত অপরাধী মো. হারুন রশিদ শেখ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতারে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
অভিযুক্ত মো. হারুন রশিদ শেখ (৪৭) শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ গ্রামের মৃত আঃ সাত্তার শেখের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে।
এর মধ্যে ইয়াসিন বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্রহত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১০ (৮)২৫ এবং তিনি এই মামলার ৫১ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া সোনারগাঁও থানার অপর একটি মামলার (মামলা নম্বর: ০৭/০১/২৫) ১ নম্বর প্রধান আসামি তিনি।
স্থানীয়দের অভিযোগ, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও হারুন এলাকায় বহাল তবিয়তে চলাফেরা করছেন। বর্তমানে তিনি এলাকার কিছু চিহ্নিত সুবিধাবাদীর সাথে গোপন আঁতাত গড়ে তুলেছেন এবং পুনরায় এলাকা দখলের পাঁয়তারা চালাচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন ধরনের অপপ্রচার এবং অপরাধীদের শেল্টারদাতা বা আশ্রয়দাতা হিসেবে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। হত্যা মামলার এই আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। দ্রুত তাকে গ্রেফতারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন