[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার গঙ্গা গীতা যুবসংগঠনের উদ্যোগে এই বর্ণাঢ্য রথযাত্রার আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই উপজেলার পৌরসভার গোবিন্দপুর মন্দির প্রাঙ্গণে ভিড় জমতে শুরু করে শত শত ভক্তের। দুপুরের পর থেকে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি আর ‘হরিবোল’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​বিকেল গড়ালে গোবিন্দপুর মন্দির থেকে রথ টানার মধ্য দিয়ে উল্টো রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। রথটি সোনারগাঁ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া মন্দিরে গিয়ে শেষ হয়। এ সময় নারী-পুরুষ ও শিশুসহ হাজারো ভক্ত ভক্তির সাথে রথের রশি টেনে অংশ নেন। উল্টো রথযাত্রা দেখতে রাস্তার দুই পাশে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

​রথযাত্রা শেষে সাতভাইয়াপাড়া মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, রথযাত্রা কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়; এটি বাঙালি সংস্কৃতিতে সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। সোনারগাঁয়ে দীর্ঘকাল ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে উৎসবগুলো পালন করে আসছেন।

​অনুষ্ঠানে গঙ্গা গীতা যুবসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সুভাষ বর্মন, শান্ত বর্মন, সাংবাদিক অপু বর্মন, সুব্রত বর্মন, সাগর বর্মন, রনি বর্মন, দিগন্ত বর্মন ও দীপ্ত দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, আট দিন আগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছিল রথযাত্রার উৎসব। আজ শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সেই উৎসবের সমাপ্তি ঘটল। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, যার ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন