সোনারগাঁয়ে সরকারি সড়ক দখল করে গাছের স্তূপ, ৩ টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা
রুবেল মিয়া,সোনারগাঁ কন্ঠ: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় সরকারি সড়ক দখল করে গাছ কেটে ফেলে রাখায় তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(২০ আগষ্ট) পৌরসভার সাহাপুর ও হাতকোপা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু টিম্বার ব্যবসায়ী সড়কের ওপর গাছ ফেলে রাখায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক দখল করে রাখার দায়ে মা-বাবার দোয়া টিম্বারকে ২ হাজার টাকা, জয়নাল টিম্বারকে ২ হাজার টাকা এবং আল-আমীন টিম্বারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে সরকারি সড়ক বা জনপথ দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন