ইয়াবাসহ আটকের পর হাতকড়াসহ পালিয়েছে আসামি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ আটক মো. রাজু (৩০) নামের এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। এ ঘটনায় আসামির বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া মো. রাজু জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে। আর গ্রেপ্তারকৃত বড় ভাইয়ের নাম মোক্তার হোসেন ওরফে আক্তার (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসার সময় রাজুর পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের পথরোধ করে এবং ঘিরে ধরে। একপর্যায়ে ধস্তাধস্তির সুযোগ নিয়ে হাতকড়াসহ পালিয়ে যান রাজু।
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচ এম জসিম উদ্দিন জানান, আসামিকে ছিনিয়ে নেওয়া ও পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশি অভিযান চালিয়ে রাজুর বড় ভাই আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন