আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কোবাগা-পেচাইন এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কোবাগা গ্রামের সমাজসেবক মো. আব্দুল মালেক, শরিফ মিয়া, কামাল হোসেন, আব্দুস সালাম, তৌয়ব আলী, শামিম মিয়া, মো. আসাদুজ্জামান ও আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় বক্তারা জানান, এশিয়ান হাইওয়ে সড়ক উঁচু করে নির্মাণ করায় সড়কের দুই পাশের অন্তত ১১টি গ্রামের মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত, ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া এবং কবরস্থানে পৌঁছাতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
তারা আরও বলেন, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। সড়ক পারাপারের ঝুঁকির কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আন্ডারপাস নির্মাণের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তারা দ্রুত আন্ডারপাস নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন