সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং সাইনবোর্ড এলাকার একটি গাড়ির শোরুমে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটনের সাথে স্থানীয় সাকিব গ্রুপ নামে একটি পক্ষের পূর্ব বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। রবিবার রাতে লিটন পিরোজপুরের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ধারণা করছি, তার পরিচিত বন্ধুদের সাথে কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন