সোনারগাঁয়ে মেয়াজ ফুডকে ২ লাখ টাকা জরিমানা, ১২০০ লিটার অবৈধ তেল জব্দ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুমোদনহীন ও অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে মেয়াজ ফুড প্রডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেয়াজ ফুড প্রডাক্টস দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে দেখা যায় প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ২০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বিক্রির জন্য মজুত রাখা হয়েছে।
অনুমোদনহীন উৎপাদন ও অবৈধভাবে মজুত করার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক মহিন ভূইয়াকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মালামাল বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, জনস্বাস্থ্য রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান। অনুমোদনহীন উৎপাদন এবং ভেজাল পণ্য বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। যারা অবৈধভাবে পণ্য মজুত করবে এবং ভেজাল খাদ্য উৎপাদন করে জনজীবন ঝুঁকিতে ফেলবে, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন